চট্টগ্রাম বন্দরে সদ্য সমাপ্ত অর্থবছরে রেকর্ড পরিমাণ কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এ সাফল্যে অবদান রাখায় বন্দরের নিবন্ধিত ৬ হাজার ৭৫০ শ্রমিক-কর্মচারীকে বিশেষ উৎসাহ বোনাস দেওয়া হয়েছে।
প্রত্যেক শ্রমিক-কর্মচারীকে ২৫ হাজার টাকা করে মোট ১৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বিশেষ উৎসাহ বোনাস দেওয়া হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর ভবনে চেয়ারম্যানের বিশেষ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে প্রণোদনার অর্থের চেক হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শ্রম শাখা থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর বোর্ডের গত ২২ আগস্টের সিদ্ধান্ত অনুযায়ী বন্দর, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের অধীনে নিয়োজিত এবং শ্রম শাখায় নিবন্ধিত তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের এ বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, পণ্য ওঠানামা ও হ্যান্ডলিং কার্যক্রমে শ্রমিক-কর্মচারীদের নিরলস অবদানের স্বীকৃতি হিসেবে এ বোনাস দেওয়া হয়েছে।
জেডএস
