বিজ্ঞাপন

ডিএসসিসি প্রশাসক

ঢাকার চারপাশে নৌপথ চালু হলে মানুষের যাতায়াত-পণ্য পরিবহন সহজ হবে

ঢাকার চারপাশে নৌপথ চালু হলে মানুষের যাতায়াত-পণ্য পরিবহন সহজ হবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত ও নৌ-যোগাযোগ উপযোগী করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ঢাকার চারপাশে নৌপথ চালু হলে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ ও কম খরচে করা সম্ভব হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বংশালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৭ আসনের ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণি বিতানে’র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা ৪০০ বছরেরও বেশি পুরোনো ঐতিহ্যবাহী শহর। পুরান ঢাকার ঐতিহ্য ধরে রেখে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক করে গড়ে তুলতে হবে। সিটি করপোরেশনের দায়িত্ব রাস্তা পরিষ্কার রাখা, আবর্জনা অপসারণ এবং পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা করা। একই সঙ্গে নাগরিকদেরও নির্ধারিত স্থানে আবর্জনা ফেলার দায়িত্ব পালন করতে হবে।

প্রশাসক আরও বলেন, মেয়র বা প্রশাসক আসবেন-যাবেন, প্রধানমন্ত্রীও আসবেন-যাবেন, কিন্তু এলাকার মানুষ ও জনগণ স্থায়ী। তাই সিটি করপোরেশনের নির্মিত স্থাপনা ও উন্নয়নকাজ রক্ষার দায়িত্বও জনগণের। জনগণের সহযোগিতা পেলে আগামী কয়েক বছরের মধ্যে ঢাকাকে আরও পরিষ্কার, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসাবাড়ি, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে জমে থাকা পরিষ্কার পানিতেও এডিস মশা জন্মাতে পারে। কোনো কর্মকর্তা বা ঠিকাদারের দায়িত্বে অবহেলার কারণে মশার প্রজননস্থল তৈরি হলে ব্যবস্থা নেওয়া হবে।

পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে পড়ে থাকা কাজ দ্রুত শেষ করতে হবে। কোনো ঠিকাদার কাজ করতে ব্যর্থ হলে নতুন ঠিকাদারের মাধ্যমে কাজ শেষ করা হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পানি শোধনের বিষয়েও গুরুত্ব দিতে হবে।

বাস টার্মিনাল প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, গুলিস্তানের আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। কদমপুর এলাকায় আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য জায়গা উন্নয়নের কাজ চলছে। জায়গাটি প্রস্তুত হলে আন্তঃজেলা বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশনের কর্মকর্তা, প্রকৌশলী, ঠিকাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এএসএস/জেআই