বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ বাড়ানো এবং উভয় দেশের বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অ্যাগ্রিমেন্ট’ শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চুক্তিটি কার্যকর হলে দুই পক্ষের মধ্যে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হংকং বিশ্বের অন্যতম উন্নত ও উন্মুক্ত অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগকারীদের মধ্যে হংকংয়ের অবস্থান ষষ্ঠ। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে হংকংয়ের উদ্যোক্তারা বড় অঙ্কের বিনিয়োগ করেছেন।
প্রস্তাবিত চুক্তিটি উভয় দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং নতুন বিনিয়োগ আকর্ষণে বড় ভূমিকা রাখবে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি দেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, চুক্তিটির কার্যকর মেয়াদ হবে ১০ বছর। তবে স্বাক্ষরের ৩ বছর পর উভয় পক্ষ চাইলে পারস্পরিক সম্মতিতে এটি সংশোধনের সুযোগ রাখা হয়েছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পথ আরও সুগম হবে।
এসএইচআর/এমএআর/
