চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকা থেকে সাদিয়া ইসলাম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা এলাকার হাবিব ভিলার নিচতলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া ইসলাম হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর এলাকার বাসিন্দা। তার স্বামী আসিফ রাউজান উপজেলার গহিরা এলাকার বাসিন্দা, তিনি চট্টগ্রাম নগরীতে চাকরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়ার এটি দ্বিতীয় বিয়ে ছিল। আগের সংসারে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পর আসিফের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে দম্পতি হাটহাজারীর ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। গত ৩১ আগস্ট তারা এ বাসায় ওঠেন।
সোমবার দুপুরে স্বামী আসিফ মোবাইল ফোনে সাদিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি বাড়ির মালিককে বিষয়টি জানান। বাড়ির মালিক বাসায় গিয়ে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে জানালা দিয়ে উঁকি দিয়ে সাদিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবারের এক সদস্য জানান, মৃত্যুর কয়েক দিন আগে সাদিয়ার সঙ্গে পরিবারের কথা হয়েছিল। সে সময় সে কিছুটা কষ্টের কথা জানিয়েছিল। পরিবারের পক্ষ থেকে তাকে সান্ত্বনা দিয়ে শিগ্গিরই দেখা করার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে তার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ/আরএফ
