রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূঁইয়ার নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। সংস্থাটির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ এসব তথ্য জানান।
অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটি অংশের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেটটি রুট পারমিট, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস, মালিকানা পরিবর্তন ও ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবা নিয়ন্ত্রণ করছে। সেবাপ্রত্যাশীদের কাছ থেকে নিয়মিত ঘুস আদায়ের মাধ্যমে মাসে এক থেকে দেড় কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে আদায়ের অভিযোগও রয়েছে। যেখানে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশও এই অনিয়মে জড়িত।
এছাড়াও অভিযোগ রয়েছে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, মালিকানা পরিবর্তন ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেবা ভেদে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়া হয়। একই সঙ্গে অফিসের সামনে গড়ে ওঠা ৪৫টি অবৈধ দোকান ও ট্রাকস্ট্যান্ড থেকেও মাসিক ভাড়া ও চাঁদা আদায় করা হয়। একজন সাবেক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অফিসের একটি কক্ষ তিনি নিজের দখলে রেখে দালালচক্র নিয়ন্ত্রণ করছেন এবং সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
আরএম/আরএফ
