বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

তিন মাসের বেতন-ভাতার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে শ্রমিকদের মানববন্ধন

তিন মাসের বেতন-ভাতার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে শ্রমিকদের মানববন্ধন

চট্টগ্রাম ইপিজেডের পোশাক কারখানা মডিস্ট সিইপিজেড লিমিটেডের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কারখানাটির প্রায় ৬৫০ থেকে ৭০০ শ্রমিক-কর্মচারী অংশ নেন বলে জানান আয়োজকেরা। কর্মসূচি শেষে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, কারখানাটিতে প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাদের মধ্যে স্টাফ পর্যায়ের তিন মাস এবং শ্রমিক পর্যায়ের দুই মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এর বাইরে অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করা হয়।

শ্রমিকদের অভিযোগ, গত দেড় বছর ধরে কারখানা কর্তৃপক্ষ নিয়মিত সময়ে বেতন-ভাতা পরিশোধ করছে না। বেতন দেওয়ার কথা বলে বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে। এতে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা আর্থিক সংকটে পড়েছেন। বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ চালাতেও তাদের হিমশিম খেতে হচ্ছে।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, শ্রমিকদের বেতনের ৮ দশমিক ৩৩ শতাংশ হারে জমা হওয়ার কথা থাকা প্রভিডেন্ট ফান্ডের অর্থও মালিকপক্ষের কাছে রয়েছে। ওই অর্থেরও কোনো সুনির্দিষ্ট হিসাব শ্রমিকেরা পাচ্ছেন না বলে দাবি করা হয়।

শ্রমিকেরা বলেন, বেতন-ভাতা নিয়মিত পরিশোধের দাবিতে এর আগেও তারা চট্টগ্রাম ইপিজেডের বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কাছে গেছেন। তবে দীর্ঘদিনেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাদের অভিযোগ, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেও বেপজা কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

স্মারকলিপিতে কারখানাটির আর্থিক পরিস্থিতি তদন্তেরও দাবি জানানো হয়। শ্রমিকদের ভাষ্য, তারা নিয়মিত উৎপাদন কার্যক্রম সচল রাখলেও মাস শেষে তাদের প্রাপ্য বেতন সময়মতো দেওয়া হচ্ছে না।

শ্রমিকেরা বলেন, চট্টগ্রাম ইপিজেডে কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা দীর্ঘদিন ধরে কঠোর আন্দোলনের পথে যাননি। তবে বেতন-ভাতা বকেয়া থাকায় তাদের পরিবারগুলো এখন চরম সংকটে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।

প্রধানমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে বিদ্যমান সংকটের টেকসই সমাধানে দ্রুত হস্তক্ষেপের পাশাপাশি বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ শ্রমিকদের পাওনা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এএইচ/আরএফ