চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কবরস্থানের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম দিল মোহাম্মদ ওরফে দেলোয়ার (৩৩)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর বন্দর এলাকায় স্থানীয় লোকজন কবরস্থানের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দিল মোহাম্মদ কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, গতকাল (সোমবার) রাত ৩টার দিকে দিল মোহাম্মদ বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। সকালে স্থানীয় লোকজন কবরস্থানের পাশে তার মরদেহ দেখতে পান।
বৈরাগ ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রুবি আক্তার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
তিনি বলেন, পরিবারের সদস্যরা বলছেন, দিল মোহাম্মদ বিভিন্ন সময় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তিনি রাজমিস্ত্রিসহ বিভিন্ন ধরনের কাজ করতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমআর/আরএফ
