বিজ্ঞাপন

কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা, ৯ দিন পর চিকিৎসাধীন ছাত্রের মৃত্যু

কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা, ৯ দিন পর চিকিৎসাধীন ছাত্রের মৃত্যু

বান্দরবান সরকারি কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্র লোহাগাড়ার ইমতিয়াজ উদ্দিন হৃদয় (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়।

ইমতিয়াজ উদ্দিন হৃদয় লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান এলাকার মোহাম্মদ লোকমান সওদাগরের ছেলে। তিনি বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বান্দরবান সরকারি কলেজে যাচ্ছিলেন ইমতিয়াজ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘী শিশুতল এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হলেও মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই রিদুয়ানুল করিম বলেন, দুর্ঘটনার পর থেকেই চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আমরাও আশা ছাড়িনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ/এসএএস