বিজ্ঞাপন

গঙ্গা-পদ্মার পানি বাড়তে পারে, সতর্কসীমায় পৌঁছানোর শঙ্কা

গঙ্গা-পদ্মার পানি বাড়তে পারে, সতর্কসীমায় পৌঁছানোর শঙ্কা

আগামী পাঁচ দিনে গঙ্গা ও পদ্মা নদীর পানি বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় গঙ্গার পানি এবং ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় গড়াই নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় গঙ্গার পানি বেড়েছে এবং পদ্মার পানি স্থিতিশীল রয়েছে। গঙ্গার পানি আগামী দু’দিন বাড়তে পারে। এরপর তিন দিন স্থিতিশীল থাকতে পারে। পদ্মার পানি আগামী পাঁচ দিন বাড়ার পূর্বাভাস রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় গড়াই ও মাথাভাঙা নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন-এ দুই নদীর পানি আরও বাড়তে পারে। এ সময়ে গড়াই নদীর পানি ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

ব্রহ্মপুত্রের পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং যমুনার পানি স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিন এ দুই নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। ধরলা ও দুধকুমারের পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। তিস্তার পানি আগামী তিন দিন কমতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারার পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। সুরমার পানি আগামী তিন দিন কমতে পারে। কুশিয়ারার পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

এমএইচএন/বিআরইউ

বিজ্ঞাপন