বিজ্ঞাপন

দরজায় ছিটকিনি দিয়ে ঘরে আটকা ২২ মাসের শিশু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

দরজায় ছিটকিনি দিয়ে ঘরে আটকা ২২ মাসের শিশু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

চট্টগ্রাম নগরের অক্সিজেন বেপারি পাড়া এলাকায় দরজায় ছিটকিনি দিয়ে ঘরে আটকা পড়া ২২ মাস বয়সী এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মুন্নী কমিশনার গলির নাজমা টাওয়ারের একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটির নাম ম্যা-এ-ছাইং মারমা। সে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা এলাকার শিলছড়ি মারমা পাড়ার উচিং নু মারমার মেয়ে। তার মায়ের নাম মেসাং নু মারমা। তারা বর্তমানে অক্সিজেন বেপারি পাড়ার মুন্নি কমিশনার গলির ওই ভাড়া বাসায় থাকেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বায়েজিদ স্টেশনের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটে শিশুটি ঘরে আটকা পড়ার খবর পায় তারা। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও পাঁচ মিনিটের প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকালে বারান্দায় মা কাজে যাওয়ার পর শিশুটি ঘরের ভেতর একা ছিল। পরে অসাবধানতাবশত দরজার ছিটকিনি আটকে সে ঘরে আটকা পড়ে যায়। এরপর সে কাঁদতে শুরু করলে কান্নার শব্দ শুনে তার মা বিষয়টি বুঝতে পারেন।

জানতে চাইলে শিশুটির বাবা উচিং নু মারমা বলেন, ‘সকালে আমি কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে রওনা দিয়েছিলাম। পরে বাচ্চার মা কোনো এক কাজে বারান্দায় এসেছিল, তার মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। পরে আমাকে বললে আমি ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের সহায়তায় আমার বাচ্চাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।’

জানতে চাইলে বায়েজিদ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ’শিশুটি দরজার ছিটকিনি নিয়ে খেলতে গিয়ে ভুল করে ভেতর থেকে দরজা আটকে ফেলে। কিছুক্ষণ পর সে কাঁদতে করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের পর তার কান্নাও থেমে যায়।’ 

এএইচ/এনএফ