বিজ্ঞাপন

৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে : ডিএসসিসি প্রশাসক

৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে : ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে রাজধানীর কামরাঙ্গীরচরকে একটি সুন্দর ও পরিকল্পিত শহরে রূপান্তরিত করা হবে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কামরাঙ্গীরচরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

কামরাঙ্গীরচরের নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, পৃথিবীর বহু শহর একসময় ময়লা-আবর্জনায় বিপর্যস্ত হলেও পরবর্তীতে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর করে গড়ে তোলা হয়েছে। কামরাঙ্গীরচরের সূচনা প্রতিকূল পরিবেশে হলেও সবার সহযোগিতা ও সঠিক মাস্টারপ্ল্যানের মাধ্যমে এটিকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা সম্ভব।

কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি বলেন, তোমরা সবাই একেকটি ফুটন্ত ফুল। তোমাদের মেধা ও সুবাসেই আগামী দিনে কামরাঙ্গীরচর আলোকিত হয়ে উঠবে। নিজেদের সৎ ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি চারপাশের পরিবেশকেও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তোমাদের নিতে হবে।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এএসএস/এনএফ