সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মেট্রোরেলকে ঘিরে একটি ভিডিও ট্রেন্ড ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই একই কায়দায় ভিডিও তৈরি করে প্রকাশ করছেন। তবে এভাবে মেট্রোরেল স্থাপনায় ভিডিও ধারণের সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এমনই একটি মেট্রো ট্রেন্ড ভিডিও নজরে আসে ঢাকা পোস্টের। রোদেলা হোসাইন নামের এক রিলস ক্রিয়েটর সোমবার (৭ সেপ্টেম্বর) তার ফেসবুক প্রোফাইলে ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ধারণ করা হয়েছে রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে।
ভিডিওতে দেখা যায়, মতিঝিল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মেট্রো ট্রেন থেকে কয়েকজন যাত্রী নামছেন। এ সময় রোদেলা হোসাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার মোবাইল ফোনের পেছনের অংশটি উত্তরাগামী ট্রেনটির দরজার পাশে সংযুক্ত করেন। এরপর তিনি ফোনের ফ্রন্ট ক্যামেরার দিকে তাকিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকেন।
একপর্যায়ে ট্রেনটি স্টেশন ছেড়ে যেতে শুরু করলে মোবাইল ফোনটি ট্রেনের সঙ্গে চলে যায়। আর তিনি প্ল্যাটফর্মে থেকে ট্রেনের পেছনে দৌড়াতে থাকেন। কিন্তু বিদ্যুৎচালিত দ্রুতগতির ট্রেনটি তাকে রেখেই স্টেশন ছেড়ে যায়।
রিলসটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ২৪ ঘণ্টায় ভিডিওটি প্রায় ৬০ হাজার মানুষ দেখেছেন।
এ বিষয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা পোস্টকে বলা হয়, আমাদের মেট্রোরেলের সুস্পষ্ট পলিসি আছে। সেখানে বলা আছে, বাণিজ্যিক উদ্দেশ্যে মেট্রোরেলের কোনো স্থাপনার ভিডিও ধারণ করা পরিপূর্ণ নিষেধ। কিন্তু যে ভিডিওটা দেখালেন, সেটা কেউ অগোচরে করেছেন।
তিনি আরও বলেন, ভিডিওটি আমরা ইতোমধ্যে আমাদের সিকিউরিটি ইনচার্জকে দিয়েছি। তারা আরও নজরে রাখবেন বিষয়টি। কারণ, আমাদের সিকিউরিটিরা তো কনকোর্স লেভেল পর্যন্ত থাকেন।
এমএইচএন/এসএএস
