বিজ্ঞাপন

অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৪৮৪টি এমএফএস (বিকাশ/নগদ) অ্যাকাউন্ট-সংবলিত সিমকার্ড, ৪৬টি স্মার্টফোন, আটটি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— সাগর শিকদার (৩২), অমল কীর্তনিয়া অভি (৩০), মিথুন সরকার (২৪), সুনীল মৃধা (২৫), কাজী উসরাত আঞ্জুমান মেঘা (২০), মারুফা (২১) ও মো. রাকিবুল হাসান (৩২)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি সূত্র জানায়, সাইবার মনিটরিংয়ের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ শনাক্ত করা হয়। এসব ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায়, অনলাইন জুয়া পরিচালনা ও লেনদেনের জন্য বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) এজেন্ট, মার্চেন্ট ও পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে।

পরবর্তীতে ওইসব ওয়েবসাইট ও অ্যাপ থেকে পাওয়া বিভিন্ন এমএফএস অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনার মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত সংঘবদ্ধ চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়।

ডিবি জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৪টার দিকে মাদারীপুরের কালকিনি থেকে চক্রটির মূলহোতা সাগর শিকদারকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৪৮৪টি এমএফএস (বিকাশ/নগদ) অ্যাকাউন্ট-সংবলিত সিমকার্ড, ৪৬টি স্মার্টফোন, একটি বাটন ফোন, আটটি ল্যাপটপ, ২৭টি ব্যাংক কার্ড, তিনটি ডায়েরি ও দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অনলাইন জুয়ার সাইট ও অ্যাপ পরিচালনার জন্য এমএফএস ওয়ালেট সরবরাহ করে তাদের লেনদেন সচল রাখাই ছিল গ্রেপ্তার চক্রটির প্রধান কাজ।

তিনি বলেন, অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনের আওতায় আনতে ডিবির সাইবার মনিটরিং কার্যক্রম এবং অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রমনা থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এসএএ/এনএফ

বিজ্ঞাপন