বিজ্ঞাপন

‘ডাকাতি করছিল, কেউ হয়তো মেরে ফেলেছে’

‘ডাকাতি করছিল, কেউ হয়তো মেরে ফেলেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে দিল মোহাম্মদ (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার একটি কবরস্থানের ঝোপ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।

নিহত দিল মোহাম্মদ কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার মৃত আলী আহমদের ছেলে। তার সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্ত্রী শামীমা আকতার কর্ণফুলীর একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনাস্থলে তিনি বলেন, তাঁর স্বামী প্রায়ই বাইরে থাকতেন এবং নিয়মিত বাড়িতে ফিরতেন না। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে তিনি পুরো পরিবারকে বিপর্যস্ত করে ফেলেছিলেন।

শামীমা আকতার বলেন, ‘ডাকাতি করছিল কেউ হয়তো মেরে ফেলেছে। এর আগেও এক জায়গায় ডাকাতি করতে গিয়ে পাবলিকের হাতে ধরা পড়ে মাথায় আঘাত পেয়েছিল। তখন মাথায় আটটি সেলাই দিতে হয়েছিল।’

স্থানীয় লোকজন জানান, কবরস্থানের ঝোপঝাড়ের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে তারা স্থানীয় মহিলা ইউপি সদস্য রুমি আকতারকে বিষয়টি জানান। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মহিলা ইউপি সদস্য রুমি আকতার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রশাসনকে অবগত করে আমি সেখানে যাই। পরে ওই ব্যক্তিকে শনাক্ত করতে লোকজনের ভিড় জমে। পরবর্তীতে জানতে পারলাম, তারা আমাদের এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার স্ত্রীকে খবর দিলে তিনি এসে লাশ শনাক্ত করেন।’

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মুখ থুবড়ে পড়ে দিল মোহাম্মদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘নিহত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। বিভিন্ন থানাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ নিচ্ছে।’

এনএফ