বিজ্ঞাপন

বেনজীরকে দেশে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ

বেনজীরকে দেশে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা দ্রুত জাতীয় সংসদকে অবহিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একইসঙ্গে বেনজীর আহমেদ কীভাবে দুবাইয়ে জামিন পেয়েছেন, সে বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের ১৪৭ বিধিতে দেওয়া সাধারণ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে স্পিকার এ নির্দেশ দেন।

প্রস্তাবটি সংসদে ভোটে দেওয়া হলে এর পক্ষে ‘হ্যাঁ’ এবং বিপক্ষে ‘না’ ভোট দিতে বলেন স্পিকার। পরে তিনি বলেন, আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে। হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব এই প্রস্তাবটি গৃহীত হলো।

স্পিকার বলেন, সংসদের অভিমত এই যে বহু ঘৃণ্য অপরাধে অভিযুক্ত সাবেক আইজি বেনজীর আহমেদ কীভাবে দুবাইতে জামিন পেলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিগগিরই জাতীয় সংসদকে অবহিত করবেন।

তিনি আরও বলেন, এই ঘৃণ্য অপরাধীকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সে সম্পর্কে সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমকে এবং প্রতিটি সংসদ সদস্যকে যথাসময়ে, শিগগিরই অবহিত করবেন।

এরপর স্পিকার বলেন, অর্থাৎ শিগগিরই সম্ভব স্বরাষ্ট্রমন্ত্রী যত শিগগির সম্ভব বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কী ব্যবস্থা নিচ্ছেন, এটি যতই অল্প সময়ের মধ্যে এই সংসদকে অবহিত করবেন। এ সময় স্পিকার জানান, এ বিষয়ে আলোচনা সমাপ্ত হয়েছে।

আওয়ামী লীগ রাজনীতি করলে নীতিগত সমস্যা নেই, তবে অপরাধীদের বিচার হতে হবে

প্রস্তাবটি গৃহীত হওয়ার পর বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলতে চাইলে স্পিকার প্রথমে জানান, এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে। পরে বিরোধীদলীয় উপনেতাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বেনজীর আহমেদ ইস্যুতে তিনি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী তার একটি সাক্ষাৎকারের বক্তব্য উদ্ধৃত করে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

বিরোধীদলীয় উপনেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমার ব্যাপারে একটা ইন্টারভিউকে উদ্ধৃত করে ভুল তথ্য দিয়েছেন। উনি আমার বক্তব্যের একটা অংশ বলেছেন, আর বাকি অংশটা বলেননি। তিনি বলেন, আমি যেটা বলেছি সেটা হচ্ছে, এজে পার্টি আওয়ামী লীগ বা যেকোনো দল রাজনীতি করবে, এটার নীতিগতভাবে কোনো সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগের লাখ লাখ লোক যে ক্রাইম করেছে। এ সময় তার বক্তব্য অসম্পূর্ণ থাকায় পরবর্তী অংশ স্পষ্টভাবে পাওয়া যায়নি।

এর আগে একই অধিবেশনে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সাধারণ প্রস্তাব উত্থাপন করে মীর আহমাদ বিন কাসেম বলেন, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। প্রস্তাবটির ওপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বক্তব্য দেন।

এমএসআই/এমএন