দেশে চিকিৎসাসেবার মান আরও উন্নত করে রোগীদের বিদেশমুখী হওয়া কমানোর আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, সঠিক রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা এবং চিকিৎসক-নার্সদের ভালো আচরণ নিশ্চিত করা গেলে দেশের স্বাস্থ্য খাতে মানুষের আস্থা আরও বাড়বে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অ্যাবট-এর সম্পূর্ণ ল্যাবরেটরি অটোমেশন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, চিকিৎসা ও শিক্ষা- এই দুটি খাতে আরও উন্নয়ন প্রয়োজন। চিকিৎসার জন্য দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায়। এ ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ নির্ণয় সঠিক না হলে চিকিৎসকদের পক্ষেও যথাযথ চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসার ক্ষেত্রে ডায়াগনস্টিক সেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশেও রোগ নির্ণয়ের পাশাপাশি অপারেশন-পরবর্তী নার্সিং সেবার মান আরও উন্নত করা প্রয়োজন।
ডায়াগনস্টিক সেন্টারের নতুন যন্ত্রের প্রশংসা করে ডিএসসিসি প্রশাসক বলেন, এর মাধ্যমে জনগণ উপকৃত হবে। তিনি নিজেও শান্তিনগরের বাসিন্দা উল্লেখ করে বলেন, এলাকার মানুষসহ ঢাকার বাসিন্দারা এ সেবার সুফল পাবেন। মানুষ ভালো ও নির্ভরযোগ্য সেবা পেতে কিছুটা বেশি অর্থ ব্যয় করতেও প্রস্তুত। তাই চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নেওয়া উচিত নয়।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে আবদুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু সরকার বা সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। জনসচেতনতা বাড়ানো গেলে মশাবাহিত রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। গত মে মাসে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জরিপ করা হয়েছিল। এতে ২৮ থেকে ২৯টি ওয়ার্ডে ডেঙ্গুর উপস্থিতি পাওয়া যায়। পরে জনগণকে সচেতন করা ও ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হয়।
সামনের কয়েকটি মাস ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। ডেঙ্গু রোগীরা যাতে চিকিৎসাসেবা না পেয়ে ফিরে না যান, তা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বাসাবাড়িতে এসির পানি এবং বড় ভবনের বেজমেন্টে জমে থাকা পানি এডিস মশার প্রজননের কারণ হতে পারে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।
এএসএস/এমএন
