চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে বালুচরে মোটরসাইকেল নিয়ে প্রবেশের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই মোটরসাইকেল আরোহীকে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পারকি বিচ এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় পারকি বিচ এলাকায় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের বিষয়টি পরিদর্শন করা হয়। এ সময় অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয়।
অভিযান চলাকালে মোটরসাইকেল নিয়ে সৈকতের বালুচরে প্রবেশ করায় দুই আরোহীকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এর আগে গত ১৯ আগস্ট ‘পারকি সমুদ্রসৈকতে পার্কিং ফি দিয়ে বালুচরে চলছে বাইক রাইডিং, ক্ষুব্ধ পর্যটকেরা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট। সংবাদে পার্কিং ফি দেওয়ার পরও মোটরসাইকেল নিয়ে সৈকতের বালুচরে চলাচলের বিষয়টি তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পারকি বিচে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ রক্ষা এবং সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এএইচ/জেআই
