বিজ্ঞাপন

গঙ্গা-গড়াইয়ের পানি সতর্কসীমায় উঠার আভাস

গঙ্গা-গড়াইয়ের পানি সতর্কসীমায় উঠার আভাস

আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের আভাস রয়েছে। এতে গঙ্গা, পদ্মা, গড়াইসহ কয়েকটি নদীর পানি আরও বাড়তে পারে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় গঙ্গার পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় গঙ্গা ও পদ্মা নদীর পানি বেড়েছে। গঙ্গার পানি আগামী দুই দিন আরও বাড়তে পারে। এরপর তিন দিন কমতে পারে। পদ্মার পানি আগামী তিন দিন বাড়ার পর দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

এদিকে গড়াই ও মাথাভাঙা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এ দুই নদীর পানি আরও বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় গড়াইয়ের পানি সতর্কসীমায় উঠতে পারে। একই সঙ্গে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

ব্রহ্মপুত্রের পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও যমুনার পানি বেড়েছে। আগামী পাঁচ দিন যমুনার পানি স্থিতিশীল থাকতে পারে।

উত্তরাঞ্চলে গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি কমেছে। বিপরীতে ধরলা ও দুধকুমারের পানি বেড়েছে। তিস্তার পানি আগামী দুই দিন বাড়তে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। ধরলা ও দুধকুমারের পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকার আভাস রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলে কুশিয়ারার পানি বেড়েছে এবং সুরমার পানি কমেছে। আগামী তিন দিন দুই নদীর পানিই বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এমএইচএন/এসএম