বিজ্ঞাপন

হৃদয়ের ঢাকা ৪১৬ : শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হৃদয়ের ঢাকা ৪১৬ : শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

উৎসবে গর্বে দায়িত্বে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ের ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিশিষ্ট চিত্রশিল্পীদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। এতে উপস্থিত ছিলেন— মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ।

প্রাণিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রথিতযশা শিল্পীদের ক্যানভাসে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য চমৎকারভাবে ফুটে উঠেছে। অতীত ইতিহাস ও ঐতিহ্যকে আধুনিকতার সাথে সমন্বয় করে সংরক্ষণ করতে হবে, কারণ অতীতকে ভিত্তি করেই আধুনিক সমাজ সমৃদ্ধ হয়।

তিনি ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা’ কর্মসূচির প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, এই আয়োজন নগরবাসীর মধ্যে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করবে।

অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ বলেন, ব্রিটিশ আমলে যেভাবে প্রখ্যাত চিত্রশিল্পীরা একত্রিত হয়ে ঢাকার চিত্র এঁকেছিলেন, তার শত বছর পর ডিএসসিসি আবার প্রথিতযশা শিল্পীদের নিয়ে ঢাকাকে তুলে ধরার এই ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে। এটি ভবিষ্যতের জন্য এক অনন্য উপহার।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, চিত্রশিল্প সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। ভাষার প্রচলন ও আনুষ্ঠানিক শিক্ষার আগে থেকেই মানুষ চিত্রশিল্পের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে আসছে।

মহান মুক্তিযুদ্ধে চিত্রশিল্পীদের অনন্য অবদানের কথা স্মরণ করে তিনি জয়নুল আবেদিন, শাহাবুদ্দিন আহমেদ, দেবদাস চক্রবর্তী, স্বপন চৌধুরী ও নুরুন্নবী খানের মতো বীর শিল্পীদের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হীনমন্যতা দূর করে তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ৫টি বিভাগে মোট ১৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া ঢাকাকে নিয়ে আঁকা ৪২টি চিত্রকর্মের জন্য ৪২ জন প্রথিতযশা চিত্রশিল্পীকে সম্মাননা ও সনদ দেওয়া হয়।

গত ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে এই ৪২টি চিত্রকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে চিত্রকর্মগুলো নগর ভবনে অবস্থিত ‘নগর জাদুঘরে’ স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।

এএসএস/এনএফ