রাজধানীর দক্ষিণখানে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে মারধর ও গুলি করার ঘটনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- সাজু মজুমদার (২৮), অন্তর রহমান অনু (২২), পারভেজ (২২) ও বাবু সেন্টু (২৫)।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে দক্ষিণ আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইমউদ্দিন।
তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখান থানার মুক্তিযোদ্ধা রোডের আজমপুর এলাকায় একটি নির্মাণাধীন রাস্তার ওপর শাহিন (২৮) নামের এক ব্যক্তির পথরোধ করে কয়েকজন চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যান তারা। এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা করা হয়।
মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজাহারভুক্ত আসামিদের শনাক্তের চেষ্টা করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা ও জামালপুরের ইসলামপুর এলাকা থেকে সাজু মজুমদার, অন্তর রহমান অনু ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে তথ্য দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ দক্ষিণ আজমপুরের একটি চারতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। ওই ভবনের একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া বাবু সেন্টুর শয়নকক্ষ থেকে একটি কালো রঙের ক্রসবডি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এসএএ/বিআরইউ
