‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ (সিজন-২) প্রতিযোগিতায় এবার ১০ বছর বয়সী শিশুরাও অংশ নিতে পারবে। দ্বিতীয় মৌসুমে অংশগ্রহণের বয়সসীমা ১২-১৪ বছর থেকে কমিয়ে ১০-১৪ বছর করা হয়েছে। আগামী অক্টোবর থেকে উপজেলা পর্যায়ে ১০টি ইভেন্টের প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।
প্রতিযোগিতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে অনলাইন নিবন্ধনের মাধ্যমে যোগ্য শিশু-কিশোরদের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ নিতে বলা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ (সিজন-২)-এর জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে ১ জুলাই। নিবন্ধনের সময়সীমা ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী অক্টোবর থেকে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে।
শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে এবারের আসরে বয়সসীমায় পরিবর্তন আনা হয়েছে। প্রথম মৌসুমে যেখানে ১২ থেকে ১৪ বছর বয়সীরা অংশ নিতে পারত, এবার সেখানে ১০ থেকে ১৪ বছর বয়সীদের জন্য প্রতিযোগিতার সুযোগ রাখা হয়েছে।
দেশের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে কর্মসূচিটির উদ্বোধনের মধ্য দিয়ে প্রথম মৌসুমের কার্যক্রম শুরু হয়। পরে ২৭ জুলাই ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’ (সিজন-১)-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় মৌসুমে মোট ১০টি ইভেন্টে উপজেলা পর্যায় থেকে প্রতিযোগিতা শুরু হবে। অনলাইন নিবন্ধন শেষ হওয়ার পর অক্টোবর থেকে মাঠপর্যায়ে প্রতিযোগিতাগুলো আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরএইচটি/এমএন
