বিজ্ঞাপন

সত্যবাদী মানুষ গড়তে সংস্কৃতি চর্চার বিকল্প নেই : আবদুস সালাম

সত্যবাদী মানুষ গড়তে সংস্কৃতি চর্চার বিকল্প নেই : আবদুস সালাম

সমাজের অবক্ষয় রোধ করে সত্যবাদী ও ভালো মানুষ গড়ে তুলতে সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে মৃত্তিকা অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ‌‘সত্যবাদী মানুষ হতে সংস্কৃতির ভূমিকা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বর্তমানে মানুষ খুঁজে পাওয়াটাই দুষ্কর। সমাজের যে অবক্ষয়, এই অবক্ষয়ের মধ্যে আমরা সবাই হারিয়ে যাচ্ছি। এর মধ্যেও অবশ্যই মানুষ নাই বলা ঠিক হবে না, অনেক আছেন।

তিনি বলেন, সমাজের এই অবক্ষয়ের সময়ে সংস্কৃতিকে সত্যিকার অর্থে বিকশিত করতে হবে। ভালো মানুষ গড়ে তুলতে সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য মিত্তিকা ফাউন্ডেশন ও মিত্তিকা অ্যাকাডেমির মতো সংগঠনের প্রয়োজন রয়েছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমানে মানুষের মূল্যায়ন হচ্ছে অর্থ, সম্পদ ও প্রতিপত্তি দিয়ে। কে কত টাকা আয় করেছে, কে কত ধনী হয়েছে-এসবই যেন সাফল্যের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। অথচ একজন মানুষের জ্ঞানই হওয়া উচিত তার সবচেয়ে বড় পরিচয়। জ্ঞানসম্পন্ন মানুষের আজ বড় অভাব।

পরিবারকে মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে কিংবা কীভাবে অর্থ উপার্জন করে-এসব বিষয়ে বাবা-মায়ের নজরদারি থাকা জরুরি। মানুষ গড়ার প্রথম কারিগর পরিবার, এরপর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

বর্তমান শিক্ষা ও সামাজিক ব্যবস্থায় অবক্ষয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হলে তরুণ প্রজন্মকে বই পড়তে হবে, লাইব্রেরিতে যেতে হবে, দেশীয় নাটক ও চলচ্চিত্র দেখতে হবে এবং গান শুনতে হবে। এর মাধ্যমে ভালো কিছু ধারণ করার মানসিকতা তৈরি হবে।

মৃত্তিকা অ্যাকাডেমির চেয়ারম্যান কবি রানা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব ও মৃত্তিকা অ্যাকাডেমির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ, মেজর মোঃ ইউসুফ শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজারুল ইসলাম চঞ্চল প্রমুখ।

এএসএস/এমএন

বিজ্ঞাপন