দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান দুবাই ট্যাক্সি কোম্পানির গ্রুপ চিফ অপারেশন্স অফিসার আম্মার আল বুরাইকির সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুবাইয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই বৈঠক হয়েছে।
বৈঠকে কনসাল জেনারেল বাংলাদেশিদের কর্মসংস্থানের জন্য দুবাই ট্যাক্সি কোম্পানিকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ থেকে অধিকসংখ্যক দক্ষ জনবল নিয়ে আসার জন্য বুরাইকিকে অনুরোধ জানান।
দুবাই ট্যাক্সিতে কর্মরত বাংলাদেশিদের জন্য নানাবিধ কল্যাণমূলক কর্মকাণ্ড এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কনসাল জেনারেল বুরাইকির দৃষ্টি আকর্ষণ করেন।
বাংলাদেশিদের অধিকতর কর্মসংস্থান এবং তাদের কল্যাণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং দুবাই ট্যাক্সি কোম্পানি একসঙ্গে কাজ করার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।
বৈঠক শেষে কনস্যুলেট এবং দুবাই ট্যাক্সির কর্মকর্তাগণ প্রতিষ্ঠানটিতে নবাগত ১৬০ জন বাংলাদেশি কর্মীদের উদ্দেশ্যে আয়োজিত ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’-এ অংশগ্রহণ করেন।
কনসাল জেনারেল তার বক্তব্যে নবাগতদের স্বাগত জানান এবং দুবাইয়ে কর্মকালীন সময়ে ট্রাফিক আইনসহ এদেশের বিদ্যমান আইন কানুন মেনে চলা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
তিনি বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করার জন্য নবাগতদের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে কনসাল জেনারেল দুবাই ট্যাক্সি কোম্পানির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এনআই/এমএন
