চট্টগ্রামের রাউজানে বাবাকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি তার ছেলে মো. আশরাফুল গণিকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আশরাফুল গণি রাউজান উপজেলার সুলতানপুর এলাকার মো. শফিকুল আলমের ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে রাউজান থানার আদালতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বাবাকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আশরাফুল গণি রাউজান এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর একটি আভিযানিক দল আদালতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় রাউজান থানায় গত ১৮ আগস্ট মামলা করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার আশরাফুল গণির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাউজান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনামুল হক নাবিদ/এমএসএ
