বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদ ভবন কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি।

বৈঠকের শুরুতে বিরোধীদলীয় নেতা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে শোক প্রকাশ করেন। এ সময় তিনি রাষ্ট্রদূতের কাছে নেপালের সর্বশেষ পরিস্থিতি জানতে চান।

নেপালের রাষ্ট্রদূত সহানুভূতি প্রকাশ করায় বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই বিরোধীদলীয় নেতার আন্তরিক তৎপরতা ও শোকবার্তা প্রেরণের কথা উল্লেখ করে নেপালের রাষ্ট্রদূত তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নেপালে চলমান উদ্ধার তৎপরতা, সেখানকার মানুষের দুর্ভোগ, ভূমিধসজনিত ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও নেপালের রাষ্ট্রদূত বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। এর প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নেপালের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেপালের পাশে সর্বতোভাবে থাকার আশ্বাস দেন।

আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ।

এমএসআই/বিআরইউ