রাজধানীর কড়াইল বস্তিতে মাদক কারবারি রাকিব ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বস্তির এরশাদ মাঠ এলাকায় পরিচালিত এই অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত রাকিব ইসলাম (২৬) পলাতক রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে ডিএনসির একটি দল এই অভিযান চালায়।
গ্রেপ্তার দুজন হলেন– মো. আল-আমিন ওরফে সাকিব (২৩) ও মো. মোজাম্মেল হক (৩২)।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, বনানী থানার কড়াইল বস্তির এরশাদ মাঠ এলাকায় কালু মিয়ার ভাড়া দেওয়া তিন কক্ষের একটি বাসায় রাকিব ইসলাম তার সহযোগীদের নিয়ে মাদক বিক্রি করছেন। পরে ওই বাসায় অভিযান চালিয়ে এই মাদক ও মাদক ব্যবসার নগদ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের প্রকৃত মালিক রাকিব ইসলাম। তারা মূলত রাকিবের পক্ষে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে সহযোগিতা করতেন।
ডিএনসি আরও জানায়, এর আগে গত ২৯ আগস্ট কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত গডফাদার কবুতর মমিনের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও মাদক ব্যবসার ৪৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
নতুন এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। মামলায় বাদী হয়েছেন ডিএনসির গুলশান সার্কেলের পরিদর্শক মো. ইমদাদুল হক খাঁন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের এই অভিযান অব্যাহত থাকবে।
এসএএ/বিআরইউ
