চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় সংলগ্ন এলাকায় তদারকি চালিয়ে বাসি খাবার সংরক্ষণ, ক্ষতিকর রং মিশ্রিত মরিচ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাবারে তেলাপোকা বিচরণের মতো অনিয়ম পাওয়ায় তিনটি রেস্টুরেন্টকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো— গ্র্যান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আলিফ রেস্টুরেন্ট এবং ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
তদারকির সময় গ্র্যান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অননুমোদিত ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে পচা ও দুর্গন্ধযুক্ত খাদ্যদ্রব্য ও পানীয় বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, পচা-দুর্গন্ধযুক্ত রান্না করা বাসি মুরগির চাপ, মুরগির মাংস, খিচুড়িসহ বিভিন্ন খাদ্যদ্রব্য পাওয়া যায়। এ ছাড়া, অপরিচ্ছন্ন পরিবেশে ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আলিফ রেস্টুরেন্টে রান্না করা বাসি খাবার ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করা হয় এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য রাখা হয়। এ ছাড়া, খাদ্যদ্রব্যের মধ্যে তেলাপোকার বিচরণও পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, রান্না করা বাসি খাবার ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণের কারণে ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, দেওয়ানহাট মোড় সংলগ্ন এলাকার বিভিন্ন ফলের দোকানেও তদারকি কার্যক্রম চালানো হয়। এ সময় দোকানিদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করা হয়।
এমআর/এসএএস
