জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের ডিসি হিলে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নজরুল মুক্তমঞ্চ। ১৯২৬ সালে এখানে কবির অবস্থানের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে তার স্মৃতি সংরক্ষণ ও নজরুল চর্চার সুযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে মুক্তমঞ্চটি নির্মাণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ডিসি হিলে মুক্তমঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য, মানবিকতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক। বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়তে হলে নজরুলকে শুধু স্মরণ নয়, তার আদর্শ ও মূল্যবোধ ধারণ করতে হবে। ধর্ম-বর্ণের বিভেদের ঊর্ধ্বে উঠে কবি মানুষের মিলন ও সম্প্রীতির কথা বলেছেন। তার সাহিত্য ও সংগীতে অসাম্প্রদায়িকতার বার্তা রয়েছে।
তিনি আরও বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও নজরুল নিজের বিবেক ও মূল্যবোধের সঙ্গে আপস করেননি। তার সাহিত্য অন্যায়, বৈষম্য ও অসাম্যের বিরুদ্ধে মানুষকে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। বর্তমান সময়েও তার সাম্য ও মানবিকতার দর্শন সমানভাবে প্রাসঙ্গিক।
তিনি বলেন, ১৯২৬ থেকে ২০২৬ একশ বছর পর ডিসি হিলে নজরুলের সেই স্মৃতিকে ধরে রাখার উদ্যোগ হিসেবে মুক্তমঞ্চ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ডিসি হিলের পুরোনো স্থাপনাগুলো সংস্কার ও এলাকাটির সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এর অংশ হিসেবে নজরুল স্কয়ারেরও সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন করা হচ্ছে।
নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, তরুণদের শুধু মেধাবী ও দক্ষ নয়, মানবিক মূল্যবোধ ও বিবেকবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নজরুলের জীবন ও সাহিত্য তাদের সেই শিক্ষা দিতে পারে।
নির্মাণকাজ শেষ হলে মুক্তমঞ্চে নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন নিয়ে নিয়মিত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক। তার আশা, এটি ভবিষ্যতে চট্টগ্রামের নজরুল চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠবে।
এএইচ/এসএএস
