রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্রসহ সাব্বির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের সেক্টর-৭, ব্লক-জি, বাসা নম্বর-৫১৬-এর তৃতীয় তলার একটি শোবার ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এসি পেট্রোল জিয়াউল হক শাহ ও পরিদর্শক (অপারেশন) মো. মফিজ উদ্দীনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. রকিবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাসার তৃতীয় তলার শোবার ঘর থেকে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাব্বির হোসেন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সেক্টর-৭, ব্লক-জি এলাকার বাসিন্দা। তার বাবার নাম গুড্ডু ওরফে কদম রসূল এবং মায়ের নাম সালমা বেগম।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসএএ/এমএন
