রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে উজ্জ্বল ভূঁইয়া (৪৭) নামের এক লঞ্চ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দারোগাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
উজ্জ্বল দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম আব্দুল সাত্তার।
গুলিবিদ্ধ উজ্জ্বলের ভাই যুবরাজ জানান, রাত ১১টার দিকে বুকের ডান পাশে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ফেরেন উজ্জ্বল। এ সময় তিনি শুধু গুলি লাগার কথা জানান। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় বাড্ডা থেকে উজ্জ্বল নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এসএএস
