রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল নিয়ে বন্ধুদের সঙ্গে বিবাদের জেরে মো. রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত রাব্বীর বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার নেওয়াগাঁও গ্রামে। তিনি হারুনুর রশিদের ছেলে। পরিবার নিয়ে বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর আল-মদিনা গলিতে থাকতেন এবং স্থানীয় মাছের আড়তে কাজ করতেন।
পারিবারিক জীবনে রাব্বী দুই বছর আগে বিয়ে করেন। তার আড়াই মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের দুলাভাই শফিকুর জানান, আজ ভোর ৪টার দিকে রাব্বীর সঙ্গে আমার ফোনে কথা হয়। এর কিছুক্ষণ পর আবার ফোন দিলে আর পাওয়া যায়নি। পরবর্তীতে আমার দূর সম্পর্কের একটা শালীর মাধ্যমে খবর পাই আমার শ্যালক কে কে বা কারা যাত্রাবাড়ীর কাজলা স্বপ্ন সুপার শপের সামনে মেরে ফেলে গেছে। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে যাই।
তিনি আরও বলেন, লাশ উদ্ধারের সময় পকেটে সামান্য কিছু টাকা পাওয়া গেলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই অতনু দে প্রেম বলেন, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানতে পারি, ভোরে একটি মোবাইল ফোন নিয়ে রাব্বীর সঙ্গে তার দুই বন্ধুর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বন্ধুদের মধ্য থেকে একজন তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় রাব্বী দৌড়ে পালানোর চেষ্টা করলে অতিরিক্ত রক্তক্ষরণে রাস্তাতেই পড়ে মারা যান।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এসএএ/জেআই
