বিজ্ঞাপন

ডিএসসিসি প্রশাসক

ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই

ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই

দেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং দেশের স্বার্থে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরার পশ্চিম সারুলিয়া বৃক্ষ রোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, আজ সারা দেশ, বিশেষ করে ঢাকা শহর কংক্রিটের শহরে পরিণত হয়েছে। ঢাকা শহর বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় থাকে। মানুষ ও যানবাহন থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ও বিষাক্ত বায়ু শোষণ করতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ থেকেই আমরা অক্সিজেন পাই। তাই গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ঢাকার খালগুলো দখল ও দূষণের কারণে অনেক জায়গায় খালের স্বাভাবিক অস্তিত্ব নেই। নগরের সুযোগ-সুবিধা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হলে খালের জায়গা দখল করা যাবে না। খালের ওপর থাকা দোকানপাট সরিয়ে নিতে হবে। তা না হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে সেগুলো উচ্ছেদ করা হবে।

যত্রতত্র হকার বসার বিরোধিতা করে প্রশাসক বলেন, মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনা করা হবে। নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট এলাকায় তাদের বসার সুযোগ দেওয়া হবে। বিকেল ৪টার পর থেকে রাত ৮টা-৯টা পর্যন্ত কিছু এলাকায় হকারদের ব্যবসা করার ব্যবস্থা করা হবে। এজন্য হকারদের কার্ড দেওয়ার কথাও জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, বাড়ি, দোকান ও প্রতিষ্ঠানের সামনে ময়লা ফেলা যাবে না। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সবাইকে সতর্ক হতে হবে। ছাদ, ফুলের টব, ডাবের খোসা কিংবা অন্য কোথাও তিন-চার দিন পানি জমে থাকতে দেওয়া যাবে না। ড্রেন পরিষ্কার রাখার পাশাপাশি মশার লার্ভা যাতে জন্মাতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

ঢাকা শহরের যানজট ও ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করা বন্ধ করতে হবে। ব্যাটারিচালিত রিকশা চলবে, তবে এর জন্য সোলারভিত্তিক চার্জিং ব্যবস্থা করা হবে। ঢাকা শহরকে কয়েকটি জোনে ভাগ করে নির্দিষ্ট এলাকার মধ্যে রিকশা চলাচলের ব্যবস্থা করার কথাও জানান তিনি।

রিকশাচালকদের লাইসেন্সের আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশার কারিগরি সক্ষমতা পরীক্ষা করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তাদের সার্টিফিকেটের ভিত্তিতে সিটি করপোরেশন থেকে লাইসেন্স দেওয়া হবে। অটোরিকশার দুর্ঘটনায় অনেক মানুষ আহত ও পঙ্গু হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে নিয়ন্ত্রণ জরুরি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবী, ডেমরা থানা বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিরা।

এএসএস/আরএফ