বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা তাদের উদ্ধার করে। পরে ট্রলারসহ জেলেদের সুন্দরবনসংলগ্ন দুবলার চরে বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্টের কাছে নিয়ে হস্তান্তর করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, বঙ্গোপসাগরে টহলরত বানৌজা পদ্মা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা এফবি নাঈম ট্রলারটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। তখন সাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল ছিল। রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া ও সি স্টেট-৪-এর উত্তাল সমুদ্রের মধ্যেই নৌবাহিনীর সদস্যরা কয়েক ঘণ্টা অনুসন্ধান চালান। একপর্যায়ে রাডারের মাধ্যমে ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়।
রাত সাড়ে ১০টার দিকে বানৌজা পদ্মা এফবি নাঈম ও এতে থাকা ১২ জন জেলেকে উদ্ধার করে। এ সময় জেলেদের প্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানি দেওয়া হয়। মাছ ধরার সময় আহত এক জেলেকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়।
পরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনীর জাহাজটি ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টেনে সুন্দরবনসংলগ্ন দুবলার চরে নিয়ে যায়। সেখানে বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্টের কাছে ট্রলারসহ ১২ জেলেকে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।
জেলেদের ভাষ্য অনুযায়ী, এফবি নাঈম গত ৮ সেপ্টেম্বর পায়রা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। পরদিন রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ১২ জেলেসহ ট্রলারটি সাগরে ভাসতে থাকে।
নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিতে তারা সব সময় প্রস্তুত রয়েছে। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যেও ঝুঁকি নিয়ে এ ধরনের উদ্ধার কার্যক্রম পরিচালনা করা নৌবাহিনীর নিয়মিত দায়িত্বের অংশ।
এমআর/জেআই
