বিজ্ঞাপন

ফ্রি শপিং ঘিরে হট্টগোল, প্রতিষ্ঠান বলছে ‘মব’, ক্রেতাদের অভিযোগ প্রতারণা

ফ্রি শপিং ঘিরে হট্টগোল, প্রতিষ্ঠান বলছে ‘মব’, ক্রেতাদের অভিযোগ প্রতারণা

রাজধানীর পল্লবীতে ‘লাইভ শপিং’ নামে লাইফস্টাইল পণ্যের একটি বিক্রয়কেন্দ্র উদ্বোধনের দিন ‘ফ্রি শপিং’ অফারকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘মব’ তৈরির অভিযোগ করা হলেও ক্রেতাদের দাবি, ফ্রি শপিংয়ের প্রচারণার মাধ্যমে তাদের বিভ্রান্ত করা হয়েছে। এ নিয়ে বিক্রয়কেন্দ্রটিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ  (ওসি) হাসান বাসির বলেন, তারা একটা অফার দিয়েছিলেন, সেখানে ছোট করে লেখা ছিল ‘সিএ’ (কন্ডিশন অ্যাপ্লাই)। পাবলিক তো বুঝতে পারেনি, হুড়মুড় করে চলে আসছে। পরে শোরুমের লোকজনের সঙ্গে ঝামেলা বাঁধে। আমরা গিয়ে লোকজন বের করে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলে আজকের মতো শোরুম বন্ধ করে দিয়ে এসেছি।

এদিকে ঘটনার পর বিকেল ৪টার দিকে ‘লাইভ শপিংয়ের’ ফেসবুক পেজ থেকে সাহায্য চেয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, তাদের বিক্রয়কেন্দ্রে কিছু গ্রুপ ইচ্ছা করে ঢুকে ‘মব’ তৈরির চেষ্টা করছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, উদ্বোধন উপলক্ষ্যে দেওয়া ‘ফ্রি শপিংয়ের অফার’কে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে একদল মানুষ বিক্রয়কেন্দ্রে ঢুকে হামলা ও লুটপাট চালায়।

তবে ঘটনাস্থলে আসা ক্রেতাদের অভিযোগ, প্রচারণায় ‘ফ্রি শপিং’ বলা হলেও শর্তগুলো স্পষ্টভাবে জানানো হয়নি। ফলে অফারের কথা শুনে অনেকেই বিক্রয়কেন্দ্রে আসেন। পরে সেখানে গিয়ে শর্তের বিষয়টি জানতে পেরে ক্রেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তাদের কেউ কেউ বিষয়টিকে প্রতারণা হিসেবে অভিযোগ করেন।

ক্রেতাদের অভিযোগ, যদি অফারের সঙ্গে শর্ত থাকে, তাহলে তা প্রচারণার সময় স্পষ্টভাবে জানানো উচিত ছিল। ‘ফ্রি শপিং’ কথাটি সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করার পর সেখানে গিয়ে ভিন্ন শর্তের কথা বলায় তারা বিভ্রান্ত হয়েছেন।

অন্যদিকে প্রতিষ্ঠানটির দাবি, অফারের সঙ্গে ‘সিএ’ বা ‘কন্ডিশন অ্যাপ্লাই’ উল্লেখ করা ছিল। কিন্তু ক্রেতারা সেটি বুঝতে না পেরে হুড়মুড় করে বিক্রয়কেন্দ্রে ঢুকে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার একপর্যায়ে বিক্রয়কেন্দ্রের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ গিয়ে উপস্থিত লোকজনকে বের করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ প্রতিষ্ঠানটির সঙ্গে কথা বলে ওই দিনের জন্য বিক্রয়কেন্দ্রটি বন্ধ করে দেয়।

এমএসি/এনটি

বিজ্ঞাপন