বিজ্ঞাপন

প্রশাসনের একার পক্ষে পরিবহন খাতে শৃঙ্খলা আনা সম্ভব নয় : চসিক মেয়র

প্রশাসনের একার পক্ষে পরিবহন খাতে শৃঙ্খলা আনা সম্ভব নয় : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক-শ্রমিক সংগঠনগুলোকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, সড়ক নিরাপদ রাখা কেবল প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়; যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন মেনে চলতে পরিবহন সংলগ্ন প্রতিটি পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ বার্তা দেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরীর জন্য সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন মালিক, কন্ট্রাক্টর, চালক ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যত্রতত্র গাড়ি পার্কিং না করা এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমেই কেবল নগরীর তীব্র যানজট ও জনভোগান্তি কমানো সম্ভব।’

তিনি আরও বলেন, নগরীর পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে সরাসরি সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। নতুন নেতৃত্ব কেবল সংগঠনের সদস্যদের স্বার্থ নয়, নগরবাসীর বৃহত্তর স্বস্তির কথা ভেবে দায়িত্ব পালন করবেন, এটাই প্রত্যাশা। 

নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬-এর চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ আবু সাইদ হারুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ কার্যকরী পরিষদের অন্যান্য নেতারা শপথ গ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর জোন) মো. আমিরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। অনুষ্ঠানে বন্দর নগরীর বিভিন্ন পরিবহন মালিক, কন্ট্রাক্টর ও শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।

এমআর/আরএফ