রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাই, যানজট ও স্থানীয় বিবাদ দূর করতে পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক আরও সহজ করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, নিরপেক্ষ, পেশাদার ও জনবান্ধব সেবা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসায়ী, সাধারণ নাগরিক ও শিশু-কিশোরদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বসিলা পুলিশ ক্যাম্পে মোহাম্মদপুর থানার উদ্যোগে স্থানীয় সম্মানিত নাগরিকদের সঙ্গে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
মতবিনিময় সভায় মোহাম্মদপুর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, যানজট নিরসন এবং নাগরিক নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক সহজ হলে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সরাসরি অংশগ্রহণ বাড়লে এলাকায় চুরি, ছিনতাই, যানজট ও স্থানীয় বিবাদ খুব সহজেই দূর করা সম্ভব হবে।
এ ক্ষেত্রে নাগরিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দায় না চাপিয়ে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান র্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, সন্তানদের চলাফেরা ও আচরণের প্রাথমিক দায়িত্ব পরিবারকেই নিতে হবে। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ প্রতিরোধে পরিবারকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নাগরিকদের ভয় না পেয়ে সাহসী ভূমিকা রাখারও আহ্বান জানান র্যাব মহাপরিচালক।
সভায় উপস্থিত ছিলেন, ডিএমপি ও র্যাবের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় সাধারণ নাগরিকরা।
জেইউ/এমএসএ
