বিজ্ঞাপন

ডিপিডিসিতে আউটসোর্সিং বন্ধসহ ৬ দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের

ডিপিডিসিতে আউটসোর্সিং বন্ধসহ ৬ দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) জনবল সংকট নিরসনে আউটসোর্সিংয়ের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের উদ্যোগ বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন। 

ডিপিডিসির সম্প্রসারিত কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্ধিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন করে শূন্য পদে নিয়মিত নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি। 

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আইডিবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। 

সংগঠনটির দাবি, ডিপিডিসির গ্রিড, বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক ও গ্রাহকসেবার পরিধি গত এক দশকে বাড়লেও ২০১৩ সালের অনুমোদিত অর্গানোগ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে জনবল কাঠামো সম্প্রসারণ করা হয়নি। ফলে বিদ্যমান জনবলের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে এবং স্থায়ী জনবল সংকট দেখা দিয়েছে।

সিএসএস, ডিএসএস বা অন্য কোনো আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৪০ জন ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। তাদের মতে, এ ধরনের নিয়োগ সাময়িকভাবে জনবলের ঘাটতি পূরণ করলেও স্থায়ী জনবল সংকটের কাঠামোগত সমাধান হবে না।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে– আউটসোর্সিংয়ের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের উদ্যোগ বাতিল, পূর্বে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী বর্ধিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন, অনুমোদিত কাঠামোর আওতায় সব শূন্য পদে নিয়মিত নিয়োগ, ‘ফিডার অ্যাসিস্ট্যান্ট’ নামে আউটসোর্সিংভিত্তিক বিকল্প পদ সৃষ্টির উদ্যোগ থেকে সরে আসা, স্থায়ী ও দক্ষ জনবল কাঠামো গড়ে তোলা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার, ন্যায্য কর্মসংস্থান ও মর্যাদা ক্ষুণ্ন হয় এমন পদক্ষেপ বাতিল করা।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের মতে, বিদ্যুৎ বিতরণ একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সেবা হওয়ায় এর কারিগরি সক্ষমতা, নিরাপত্তা, গোপনীয়তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থায়ী ও দক্ষ জনবল কাঠামো প্রয়োজন। আউটসোর্সিংয়ের পরিবর্তে বর্ধিত অর্গানোগ্রাম অনুমোদন করে নিয়মিত নিয়োগের ব্যবস্থা করা হলে ডিপিডিসি দক্ষ ও স্থায়ী জনবল পাবে এবং যোগ্য ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

এমএল/জেআই

বিজ্ঞাপন