বিজ্ঞাপন

চট্টগ্রামে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের করল এলাকার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ৪২ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে স্থানীয় লোকজন ডোবার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে গাউছিয়া মানবিক সেবা, পটিয়া উপজেলা শাখার সচিব মাওলানা মোহাম্মদ ইছহাক আল কাদেরী ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, খবর পেয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমআর/আরএফ