বিজ্ঞাপন

মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ঢাকার ডিসির

মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ঢাকার ডিসির

মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। তিনি বলেছেন, ‘মেধাবী হয়ে শুধু বিদেশে পাড়ি দিলেই হবে না। বিদেশে গিয়ে কেবল নিজের ভবিষ্যৎ গড়লেই চলবে না, মেধা দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের হতে হবে দেশ গড়ার কারিগর।’

​রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন কার্যালয়সমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীদের সম্মান জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর মোট ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘আজকের এই জিপিএ-৫ পাওয়া তোমাদের জীবনের শেষ গন্তব্য নয়। এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক মাত্র। তোমাদের লক্ষ্য হতে হবে আরও বড়।’

​শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি ড. এফ আর খান, জাওয়েদ করিম, সালমান খান, ড. আতাউল করিম, ড. জাহিদ হাসান ও তাহমিমা আনামের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশিদের উদাহরণ তুলে ধরেন।

​তিনি আরও বলেন, ‘তারা প্রমাণ করেছেন বাংলাদেশি মেধার কোনো সীমা নেই। তবে শুধু অন্যদের সাফল্যের গল্প পড়লেই হবে না, তোমরাই একদিন নতুন সাফল্যের গল্প লিখবে। একসময় বিশ্ব শুধু বাংলাদেশি মেধাবীদের নামই জানবে না, বাংলাদেশি প্রতিষ্ঠান, প্রযুক্তি ও ব্র্যান্ডের নামও জানবে। শিক্ষার্থীদের এমন বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যা ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ নিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাবে।’

​বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে ডিসি ফরিদা খানম বলেন, ‘তোমরা শুধু চাকরি খুঁজবে না, চাকরি সৃষ্টি করবে। শুধু প্রযুক্তি ব্যবহার করবে না, প্রযুক্তি তৈরি করবে। বিদেশি ব্র্যান্ড ব্যবহারের পাশাপাশি নিজেদের ব্র্যান্ডকেও বিশ্ব-দরবারে পরিচিত করে তুলবে।’

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

​সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, স্টাফ অফিসার টু ডিসি মো. ইসরাফিল জাহানসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এনআর/আরএফ

বিজ্ঞাপন