বিজ্ঞাপন

ডিএসসিসি প্রশাসক

আগে রাস্তার জন্য মানুষ জমি দিত, এখন সরকারি জমি দখল হয়

আগে রাস্তার জন্য মানুষ জমি দিত, এখন সরকারি জমি দখল হয়

অতীতে এলাকার উন্নয়ন তথা রাস্তাঘাটের জন্য সাধারণ মানুষ নিজেদের জায়গা-জমি ছেড়ে দিলেও, বর্তমানে সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কদমতলী থানার জাপানি বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, আপনাদের প্রয়োজনেই আপনাদের সহযোগিতা চাচ্ছি আমরা। এখানে রাস্তা ও বিদ্যুতের সমস্যা রয়েছে। সেগুলো সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিমন্ত্রী ও আমাকে পরিদর্শনে পাঠিয়েছেন। আমরা এই এলাকার উন্নয়ন নিয়ে সমন্বিত পরিকল্পনা করছি।

নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় খাল দখল করে রাখা হয়েছে। মিল-কারখানার সমস্ত আবর্জনা ড্রেনে ফেললে ড্রেন কীভাবে সচল থাকবে? কারখানার আবর্জনা নির্দিষ্ট এক জায়গায় নির্দিষ্ট নিয়মে রাখতে হবে, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা তা সহজে সরিয়ে নিতে পারে। আমাদের খালগুলো যে–কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে। নিজের নাগরিক দায়িত্ব নিজেদেরই পালন করতে হবে।

সামাজিক সুরক্ষার কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, মাদকে আজ সমাজ ভরে গেছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ঢাকা ৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন প্রমুখ।

এএসএস/জেআই