বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপে লেনদেন

এনআইডি-সিডিআর-জন্মনিবন্ধনের তথ্য বেচাকেনা, যুবক গ্রেপ্তার

এনআইডি-সিডিআর-জন্মনিবন্ধনের তথ্য বেচাকেনা, যুবক গ্রেপ্তার

রাজধানীতে অবৈধভাবে মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধনের তথ্য, এসএমএস কনটেন্ট এবং এলসিএল/এলআরএল বিক্রির অভিযোগে অমিত পাল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেসবুকে অর্থের বিনিময়ে বিভিন্ন গোপন ও সংবেদনশীল ব্যক্তিগত তথ্য বিক্রির বিজ্ঞাপন প্রচারের সূত্র ধরে তাকে শনাক্ত করা হয়। 

পরে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম।

সিটিটিসির বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, শনিবার রাতে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন গোপন ও সংবেদনশীল ব্যক্তিগত ডেটা অর্থের বিনিময়ে বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম ফেসবুক আইডিটি পরিচালনাকারী ব্যক্তিকে শনাক্ত করে।

পরবর্তীতে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে অমিত পালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। একই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে লেনদেন ও ডেটা বিক্রির ৪০ পাতার স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করেছে সিটিটিসি।

সিটিটিসির দাবি, গ্রেপ্তার অমিত পাল দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বেআইনিভাবে প্রবেশ করে প্রতারণা ও অবৈধ ই-ট্রানজেকশন চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে অবৈধভাবে বিভিন্ন সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিক্রির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার অমিত পালের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

জেইউ/এমএসএ