বিজ্ঞাপন

যাত্রাবাড়ীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

যাত্রাবাড়ীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় রিয়া (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পেটে ব্যথা নিয়ে বাথরুমে যাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, তার গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রিয়াকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রিয়া উইলস লিটন কিন্ডার গার্ডেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম রুবেল। তাদের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ার সালুয়া দিগি এলাকায়। বর্তমানে তারা যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় বসবাস করেন।

রিয়ার বাবা রুবেল বলেন, সোমবার আনুমানিক দুপুর ১টার দিকে নিজ বাসায় পেটে ব্যথা নিয়ে বাথরুমে যায় রিয়া। সেখানে পড়ে যাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে আমরা তার গলায় দাগ দেখতে পাই।

তিনি আরও বলেন, হাসপাতালে নেওয়ার পর ডাক্তার পরীক্ষা করে গলায় দাগ দেখে ফাঁসের কথা বলেছেন। আমার মেয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কি না, সেটা আমরা জানি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শনিআখড়া এলাকা থেকে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। বাথরুমে পড়ে যাওয়ার পর ওই শিক্ষার্থী আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার গলায় দাগ দেখে রহস্যজনক মনে হচ্ছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/জেআই