বিজ্ঞাপন

চট্টগ্রামে একদিনে ৭৯ ডেঙ্গু রোগী শনাক্ত

চট্টগ্রামে একদিনে ৭৯ ডেঙ্গু রোগী শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২৬ জনে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ৯৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২ হাজার ৫২৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৩৯ জন চিকিৎসা নিয়েছেন।

এর আগে রোববারের প্রতিবেদনে ৮৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। একই প্রতিবেদনে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। মারা যাওয়াদের মধ্যে আটজন বেসরকারি হাসপাতাল, তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং একজন ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান।

চট্টগ্রামে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। ফলে ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

২০২৫ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮৬৪ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৭ জনের।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এ সময় বাসাবাড়ির আঙিনাসহ আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হয়। তাই ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে জরুরি হলো সচেতনতা এবং নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

আরএমএন/জেডএস