রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ত্বরান্বিত করে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বৈঠক হয়েছে। এতে প্রকল্পের অবশিষ্ট কাজ আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড ও সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে রোববার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম ও রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্মাণকাজ ত্বরান্বিত করে দ্রুততম সময়ে বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড ও সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় রোসাটমের মহাপরিচালক প্রকল্পের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠক শেষে বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম ও রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএইচ/জেডএস
