নারীদের শুধু প্রশিক্ষণ দিলেই দায়িত্ব শেষ হয় না, প্রশিক্ষণের পর অর্জিত দক্ষতা কোথায় এবং কীভাবে কাজে লাগিয়ে তারা আয় করতে পারবেন, সেই পথও দেখাতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেছেন, বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য না রেখে প্রশিক্ষণ দিলে সরকারি অর্থ ও প্রশিক্ষণার্থীদের সময় ব্যয়ের পরও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। তাই প্রশিক্ষণ দেওয়ার আগেই সংশ্লিষ্ট খাতের চাহিদা, কাজের সুযোগ এবং প্রশিক্ষণ-পরবর্তী সম্ভাবনা নিয়ে পরিকল্পনা ও গবেষণা থাকা প্রয়োজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি’র প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, শুধু আমাকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ২০ জনকে প্রশিক্ষণ দিলাম— এই মানসিকতা যেন আমাদের না থাকে। যাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণের পর তারা কোথায় কাজ করবেন, সেই চিন্তাটাও আমাদের থাকতে হবে।
প্রশিক্ষণের বিষয় নির্ধারণে স্থানীয় বাজারের চাহিদাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকার আর্থসামাজিক বাস্তবতা ও কাজের সুযোগ ভিন্ন। তাই একই ধরনের প্রশিক্ষণ সব জায়গায় কার্যকর নাও হতে পারে। কোন এলাকায় কী ধরনের দক্ষতার চাহিদা রয়েছে, তা যাচাই করে প্রশিক্ষণ কর্মসূচি সাজাতে হবে।
এ ক্ষেত্রে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সহযোগী বেসরকারি সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি বলেন, প্রশিক্ষণ শেষে একজন নারী যদি অর্জিত দক্ষতা কাজে লাগানোর সুযোগ না পান এবং হতাশ হয়ে পড়েন, তাহলে প্রশিক্ষণের উদ্দেশ্যই ব্যাহত হয়।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, প্রশিক্ষণ গ্রহণই শেষ কথা নয়। অর্জিত দক্ষতা নিয়মিত চর্চা করতে হবে এবং সময়ের সঙ্গে বাজার ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে।
তিনি বলেন, মানুষের চাহিদা প্রতিনিয়ত বদলাচ্ছে। আপনি যে পণ্য তৈরি করবেন, তাতে আপনার সময়, শ্রম ও বিনিয়োগ আছে। সেই পণ্যের বাজারে চাহিদা থাকতে হবে। তাই প্রতিদিন নিজের দক্ষতা কতটুকু বাড়ালেন, নতুন কী শিখলেন সেটিও ভাবতে হবে। জেলা প্রশাসক প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের নিজেদের দক্ষতা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান।
তিনি বলেন, একজন নারী প্রশিক্ষণ নিয়ে নিজের আয় শুরু করলে সেটি তার ব্যক্তিগত সফলতা। কিন্তু তার অর্জিত দক্ষতার মাধ্যমে আশপাশের আরও কয়েকজন নারী উপকৃত হলে সেই উদ্যোগের সামাজিক সার্থকতা তৈরি হয়।
সেলাই মেশিন পাওয়া নারীদের উদ্দেশে তিনি বলেন, আপনি যখন এই সেলাই মেশিনটি পেলেন, তখনই এই কর্মসূচি সত্যিকার অর্থে সফল হবে, যখন আপনার কাছ থেকে আরও ১০ জন মানুষ প্রশিক্ষণ নেবে এবং তাদেরও জীবনমানের উন্নয়ন হবে।
পরিশ্রম ও আত্মোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, মানুষের কর্মক্ষম সময় সীমিত। তাই সুযোগ ও সময়কে কাজে লাগিয়ে নিজের দক্ষতা বাড়াতে হবে। শুধু সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে ব্যক্তিগত উদ্যোগও নিতে হবে।
তিনি বলেন, একটি সুন্দর ও মানবিক সমাজ শুধু সরকার বা কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষে গড়ে তোলা সম্ভব নয়। সরকার, স্থানীয় প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে।
জাহিদুল ইসলাম বলেন, দেশের বড় শক্তি বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করা সম্ভব। নারীর দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও প্রশিক্ষণের সংখ্যা নয়, এর ফলাফলকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, আপনি যদি ১০ জনকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারেন, তাদের জীবন পরিবর্তন করতে পারেন, দেখবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসবে।
তিনি প্রশিক্ষণ বাস্তবায়নকারী এনজিওগুলোকে স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রকল্প গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই চাহিদা তুলে ধরার আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণার্থীদেরও নিজেদের প্রয়োজন ও সমস্যার কথা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে হবে। নতুন উদ্যোগ শুরু করলে প্রশাসন, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি হয়।
সমাজে মানবিকতা, মমত্ববোধ ও মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে জাহিদুল ইসলাম বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি একটি মানবিক সমাজ গড়ার দায়িত্বও সবার। পরিবার থেকেই সন্তানদের ভালোবাসা, শ্রদ্ধা, মূল্যবোধ ও অন্যের প্রতি মমত্ববোধ শেখাতে হবে।
তিনি বলেন, আমি একা ভালো থাকতে পারব না। আমার সামনে যখন একটি অমানবিক ঘটনা ঘটে, সেটি আমাকে এবং আমার পরিবেশকেও আঘাত করে। আমরা চাই, আমাদের সন্তানরা একটি সুন্দর সমাজব্যবস্থায় বেড়ে উঠুক।
অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতার পরিধি আরও বাড়ানো এবং নতুন প্রযুক্তি ও আন্তর্জাতিক বাজারের পরিবর্তন সম্পর্কে নিয়মিত জানার আহ্বান জানান।
তিনি বলেন, আজকের প্রশিক্ষণই শেষ নয়। এই দক্ষতাকে আরও প্রসারিত ও উন্নত করতে হবে। পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে, সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই আপনাদের এগিয়ে যেতে হবে।
এমআর/এসএএস
