রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বন্দী অবস্থাতেই তার প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করার আগ্রহ প্রকাশ করেছেন। এর অংশ হিসেবে কারাগারের ভেতরে নির্দিষ্ট ধর্মীয় বিধিবিধান পালনের জন্য একজন পুরোহিতকে প্রবেশের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করা হয়েছে।
কারাবন্দির পরিবার সূত্রে জানা যায়, আগামী ২০ সেপ্টেম্বর কারাগারের নির্দিষ্ট সেলে এই ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে, আদ্যশ্রাদ্ধের প্রয়োজনীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারের ভেতর প্রবেশ করতে দেওয়ার আবেদন করেন চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর।
এর আগে গত ১০ সেপ্টেম্বর চিন্ময়ের মা মারা যাওয়ার পর, মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বিশেষ ব্যবস্থায় ও শর্ত সাপেক্ষে প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। বর্তমান নতুন আবেদনটির বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার ও সুপার কারাবিধি অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন বলে জানা গেছে।
এ বিষয়ে কারা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, বন্দিজীবনে কারাগারের ভেতর এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নজির অত্যন্ত সীমিত। কারাবিধিতে সুনির্দিষ্ট বিধান না থাকায় সার্বিক নিরাপত্তা ও আইনি দিক পর্যালোচনা করে ঊর্ধ্বতন মহলের নির্দেশনা সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবু হক জানান, মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তির প্রয়োজন ছিল এবং তা দেওয়া হয়েছিল। তবে কারাগারের ভেতরে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের এই নতুন আবেদনটির বিষয়ে কারাবিধি অনুযায়ী জেলা কারাগারের সুপার সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাস থেকে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি রয়েছেন ইসকনের সাবেক এই সংগঠক। তার বিরুদ্ধে আইনজীবী হত্যার মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এমআর/এসএএস
