চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গরু নিয়ে আসা দুই চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন কয়লারমুখ বিওপির একটি টহলদল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে কয়লারমুখ বিওপির টহলদল সীমান্ত পিলার ২২০৫/৬-আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর এলাকায় অবস্থান নেয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে ভারতের দিক থেকে দুই ব্যক্তিকে ছয়টি গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।
এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া দিলে তারা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ছয়টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) বলছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
এমআর/আরএফ
