বিজ্ঞাপন

সিউলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরলেন সড়কমন্ত্রী

সিউলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরলেন সড়কমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্স-জিআইসিসি-২০২৬ এর উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব কোরিয়া। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘এআই -এর মাধ্যমে উন্মুক্ত বৈশ্বিক অবকাঠামো প্রকল্পে সহযোগিতা’।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, সরকারি কর্মকর্তা, অবকাঠামো সংস্থা, বহুপাক্ষিক উন্নয়ন প্রতিষ্ঠান, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং নির্মাণ ও প্রকৌশল খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম টেকসই, আধুনিক ও জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ, সামাজিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম ভিত্তি। এ ক্ষেত্রে অর্থায়ন, প্রযুক্তি, দক্ষতা ও জ্ঞান বিনিময়ে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

মন্ত্রী বাংলাদেশের একটি সমন্বিত, কার্যকর, স্বল্প-কার্বন ও জলবায়ু সহনশীল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারিত্ব ও বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।

শেখ রবিউল আলম দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য উন্নয়ন অংশীদারের সঙ্গে সরকারি পর্যায়ের সহযোগিতা, সরাসরি বিদেশি বিনিয়োগ, সহজ শর্তের অর্থায়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এনআই/এমএন