রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে থানার কনস্টেবল মো. সাজবীর বলেন, কুড়িল বিশ্বরোড রেললাইনে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি গুরুতর আহত হন। আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে, এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এসএএ/জেআই
