বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স না নিয়ে অবৈধভাবে পণ্য তৈরি, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে ওরিয়ন ফুটওয়্যারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় সালাম ডেইরি ফার্মকেও জরিমানা করা হয়।
সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিএসটিআই জানায়, রোববার রাজধানীর খিলগাঁও ও হাতিরঝিল থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে অংশগ্রহণ করেন ফিল্ড অফিসার (সিএম) মো. মনির হোসেন।
অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক খাবার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স না নিয়েই বিস্কুট তৈরি এবং ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না লিখে খাদ্যপণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এতে সালাম ডেইরি ফার্মকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স না নিয়ে পণ্য তৈরি, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করায় পশ্চিম হাজিপাড়া ওরিয়ন ফুটওয়্যারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিএম লাইসেন্স কী
সিএম-এর অর্থ সার্টিফিকেশন মার্কস। ২০১৮ সালের বিএসটিআইয়ের আইন অনুযায়ী, বাধ্যতামূলক পণ্য অথবা স্বেচ্ছাপ্রণোদিত পণ্য উভয় ক্ষেত্রে একজন উৎপাদনকারী, মোড়কজাতকারী অথবা আমদানিকারক বাজারজাত করার উদ্দেশ্যে তাদের পণ্যের অনুকূলে বিএসটিআই সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স গ্রহণ করতে হয়।
আইনের ১৫ ধারায় বলা হয়েছে, ‘মার্ক’ অর্থ কোনো ডিভাইস, ব্রান্ড, শিরোনাম, লেবেল, টিকিট, নাম, স্বাক্ষর, শব্দ, অক্ষর, প্রতীক, সংখ্যা, সংখ্যাযুক্ত উপাদান বা রং-এর সমন্বয় এবং এদের যেকোনো সমন্বয়ও এর অন্তর্ভুক্ত হবে।
কোনো ব্যক্তি যদি ধারা ১৫, ১৮ বা ১৯ এর কোনো বিধান লঙ্ঘন করেন, তাহলে ওই ব্যক্তির কাজটি একটি অপরাধ। এজন্য তিনি অনধিক দুই বছর কারাদণ্ড অথবা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড (পঁচিশ হাজার টাকার নিচে নয়) বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
এসআই/এইচকে
